প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১১:৪৪ এ এম
অনলাইন সংস্করণ
চলতি জুন মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৩৬ কোটি ২২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি ৪৮ লাখ ডলার করে প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ৮২ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৪০ হাজার ডলার।
সাম্প্রতিক মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য। গত মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসে সর্বোচ্চ রেকর্ড গড়ে। এছাড়া এপ্রিল মাসে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়।
বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, সরকারের প্রণোদনা এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের সংখ্যা বাড়ার কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে।
মন্তব্য করুন