আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:০৩ এ এম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া দেখতে চাইলেও পায়নি ইসরাইল, তথ্য নিয়ে ধোঁয়াশা

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমঝোতা চুক্তির খসড়া দেখতে চাইলেও তা পায়নি ইসরাইল। এ কারণে চুক্তিটির পূর্ণাঙ্গ বিষয়বস্তু সম্পর্কে এখনো স্পষ্ট ধারণা নেই তেলআবিবের।

মঙ্গলবার (১৬ জুন) বিভিন্ন আন্তর্জাতিক ও ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ওয়াশিংটনের কাছে সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) পর্যালোচনার অনুরোধ জানিয়েছিল ইসরাইলি কর্তৃপক্ষ, তবে যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছে।

ইসরাইলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, চুক্তির খসড়া দেখতে চেয়ে করা অনুরোধ নাকচ হওয়ায় পুরো বিষয়বস্তু সম্পর্কে অন্ধকারে রয়েছে ইসরাইল। যদিও এ বিষয়ে ভিন্ন তথ্যও সামনে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ইসরাইল এ ধরনের কোনো অনুরোধই জানায়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিবেদনকে ‘ভুল’ বলে দাবি করেছেন। তার ভাষ্য, আলোচনা প্রক্রিয়ার পুরো সময়জুড়ে ইসরাইলসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা হয়েছে।

জানা গেছে, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি সই হওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত ওয়াশিংটন বা তেহরান—কোনো পক্ষই সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেনি।

কিছু ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিতে মোট ১৪টি ধারা থাকতে পারে। এর মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিধিনিষেধ তুলে নেওয়া, ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তিটি স্বাক্ষরের পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। তবে চুক্তির বিস্তারিত বিষয় এখনো প্রকাশ না হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে অনিশ্চয়তা ও জল্পনা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন