তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১০:১০ এ এম

অনলাইন সংস্করণ

কাউকে দায়ী করলে হাড্ডি জোড়া লাগবে না, ব্যথাও কমবে না: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতের নির্যাতনের জন্য কাউকে দায়ী করলেও ক্ষতি পূরণ হবে না; বরং প্রতিহিংসা ভুলে দেশের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তোলাই এখন প্রয়োজন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কারাগারে থাকার সময় তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। এর ফলে তার শরীরে স্থায়ী ক্ষত রয়ে গেছে। তবে এসব নিয়ে কাউকে দোষারোপ করলে সেই ক্ষতি পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশের জন্য কাজ করতে হবে। এ বিষয়ে তিনি সাংবাদিকদের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

গণমাধ্যম প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের ভুলত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

‘সংবাদপত্রের কালো দিবস’ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশের অধিকাংশ সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় আঘাত ছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সংবাদপত্রের ওপর বিধিনিষেধ তুলে নেন বলে উল্লেখ করেন তিনি।

গণমাধ্যমের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের কাজের ভালো-মন্দ নির্ধারণে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের সহযোগিতা ছাড়া সরকারের পক্ষে সঠিক মূল্যায়ন করা কঠিন।

তরুণ সমাজের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক। এ সমস্যা মোকাবিলায় শুধু আইন প্রয়োগ নয়, বিকল্প ইতিবাচক উদ্যোগ প্রয়োজন। তরুণদের খেলাধুলা, সংস্কৃতি এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর জোর দেন তিনি।

তিনি জানান, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মতো উদ্যোগে বিপুলসংখ্যক তরুণ অংশ নিচ্ছে, যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা বাড়াতে সারা বছরজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম চালুর আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণদের নৈতিক অবক্ষয় রোধে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা জোরদার করতে হবে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে সচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকার পরিচালনায় ব্যাপক চাপ অনুভব করছেন জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন সমস্যার পাশাপাশি জনগণের প্রত্যাশা অনেক বেশি, যা সামাল দিতে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।

মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন