প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১০:০০ এ এম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফর করবেন। দিনব্যাপী এ সফরে তাঁর প্রধান কর্মসূচি হিসেবে বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও অংশগ্রহণ রয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন।
দুপুর ১টায় শ্রীমঙ্গলে পৌঁছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে।
পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
বিকেলে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে স্বল্প বিশ্রাম শেষে একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
দিনশেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন