প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পাওয়া বলিউডের মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি এটিকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন। বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আসরের মঞ্চে পারফর্ম করাকে তিনি শিল্পী হিসেবে বড় অর্জন বলে মনে করেন।
বৃহস্পতিবার (১১ জুন) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের সূচনা হয়। অনুষ্ঠানে কলম্বিয়ার পপতারকা শাকিরা, নাইজেরিয়ার বার্না বয় এবং কানাডার নোরা ফাতেহি অংশ নেন। সংগীত ও নৃত্যের সমন্বয়ে উদ্বোধনী মঞ্চটি হয়ে ওঠে বর্ণাঢ্য।
অনুষ্ঠানে নোরা ফাতেহি ‘সির সির’ গান পরিবেশন করেন, যার অর্থ ‘এগিয়ে চলা’। তিনি জানান, আফ্রিকার মরক্কোয় ফুটবল ম্যাচ দেখার সময় স্টেডিয়ামে হাজারো দর্শকের ‘সির সির’ স্লোগান থেকেই তিনি এই গানের অনুপ্রেরণা পান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলেন, বিশ্বকাপের এই অভিজ্ঞতা তার শিল্পীসত্তাকে নতুনভাবে গড়ে তুলেছে। একই মঞ্চে শাকিরা, বার্না বয় ও অন্যান্য আন্তর্জাতিক তারকার সঙ্গে নিজের নাম যুক্ত হওয়াকে তিনি গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ভিন্ন সংস্কৃতি ও সুরের মেলবন্ধনই সংগীতকে শক্তিশালী করে তোলে। বিভিন্ন শিল্পীর সৃজনশীলতা একসঙ্গে মিললে নতুন ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি হয়, যা মানুষের মধ্যে সংযোগ গড়ে তোলে।
মন্তব্য করুন