প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সরকারের বিরুদ্ধে চলা অপপ্রচার রোধে মন্ত্রী ও সংসদ সদস্যদের তিনটি সুনির্দিষ্ট বিষয়ে সতর্ক ও নির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সভায় প্রধানমন্ত্রী, মন্ত্রী, চিফ হুইপ, হুইপ এবং দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলে যেন কোনো প্রকার অভ্যন্তরীণ কোন্দল তৈরি না হয়, সে বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক করেন সংসদ নেতা তারেক রহমান।
তৃণমূলের সঙ্গে সমন্বয়ের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, "যেহেতু আগামী নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না, সেক্ষেত্রে ত্যাগীদের বাদ দেওয়া ঠিক হবে না। অনেক এমপি তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়ার চেষ্টা করছেন, তরুণদের সামনে আনছেন, এটা যেন তৃণমূল নেতাদের সঙ্গে সমন্বয় করে করা হয়।" তৃণমূল পর্যায়ে যেন কোনো ক্ষোভ বা দূরত্বের সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজর রাখার আহ্বান জানান তিনি।
বিএনপির আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সব সংসদ সদস্য ও মন্ত্রীকে নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বিরোধীদের অপপ্রচারের উপযুক্ত জবাব দেওয়ার তাগিদ দেওয়া হয়।
বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারের মতো স্পর্শকাতর বিষয়ে সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হয়, সেজন্য মাঠপর্যায়ে সঠিক তথ্য ও সরকারের পদক্ষেপগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সংসদ সদস্যদের কাজ করার আহ্বান জানানো হয়।
কৃষি খাতের বিষয়ে সভায় জানানো হয়, সারের সংকট নিরসনে আগামী দু-একদিনের মধ্যেই নতুন ডিলার নিয়োগের কাজ সম্পন্ন হবে। সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থা যাতে নিরবচ্ছিন্ন থাকে এবং এটি নিয়ে কেউ যেন কোনো প্রকার ভিত্তিহীন প্রচার চালাতে না পারে, সে বিষয়েও দলীয় সংসদ সদস্যদের সচেতন থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন