প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকার মরা নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— মো. মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের দুই মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।
স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ জানান, জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ যখন মসজিদে ছিলেন, তখন শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নামে। জুমার নামাজের ব্যস্ততার কারণে বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ টের পাননি। একপর্যায়ে শিশুরা তলিয়ে গেলে উদ্ধার তৎপরতা শুরু হলেও শেষ রক্ষা হয়নি।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, চর চাকলা গ্রামের পাশের এই মরা নদীটি মূলতঃ পদ্মা নদীর একটি শাখা নদী। বছরের অধিকাংশ সময় এতে পানি থাকে না এবং তলদেশে ফসল চাষ হয়। তবে সম্প্রতি টানা বৃষ্টি ও পদ্মার পানি বৃদ্ধির কারণে নদীটি পুনরায় পানিতে ভরে যায়। ভরা পানিতে খেলতে নেমেই মর্মান্তিকভাবে ডুবে যায় পাঁচ শিশু।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে শিশুদের মরদেহ উদ্ধার করেন। ঘটনাটির সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান জানান, এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন