প্রকাশিত: ২৭ সেপ্টেম্বার, ২০২৬, ১০:১৭ এ এম
অনলাইন সংস্করণ
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি সকাল ৮টা ২১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইউএনজিএর ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার পাশাপাশি ধারাবাহিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে নিউইয়র্ক ত্যাগ করেন। এরপর দুবাইয়ে প্রায় ছয় ঘণ্টা ট্রানজিট শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক প্রেস ব্রিফিংয়ে জানান।
এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়।
মাহদী আমিনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, ইউএনজিএর সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তিনি বৈঠক করেন।
সফরকালে প্রধানমন্ত্রী ইউএনজিএর সাধারণ বিতর্কে তাঁর প্রথম ভাষণ দেন। এছাড়া বিশ্বনেতা, জাতিসংঘের কর্মকর্তা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিভিন্ন স্বার্থ ও অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এসব কর্মসূচির মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান ছিল।
নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে নিউইয়র্ক ছাড়েন। দুবাই হয়ে রোববার সকালে তিনি ঢাকায় পৌঁছান।
মন্তব্য করুন