তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৮ আগষ্ট, ২০২৬, ০২:১৮ পিএম

অনলাইন সংস্করণ

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

সংগৃহিত ছবি

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা পেলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ। সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই পদমর্যাদায় ভূষিত করেন।

১৯৫০ সাল থেকে চলে আসা একটি রীতি অনুসরণ করেই এই সম্মাননা দেওয়া হলো, যার আওতায় নেপাল ও ভারত একে অপরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা প্রদান করে থাকে।

চার দিনের সফরে বর্তমানে নেপালে অবস্থানরত জেনারেল শেঠ এদিন নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গেও বৈঠকে বসেন, যেখানে দুই দেশের সামরিক সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে কথা হয়।

প্রেসিডেন্ট পৌডেলের সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবসহ দুই দেশের সরকার ও সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রোববার নেপালে পৌঁছান জেনারেল শেঠ।

এ প্রসঙ্গে ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, এই সফর দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন করে তুলে ধরছে, যা গড়ে উঠেছে অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং সেনাবাহিনী-টু-সেনাবাহিনী দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তিতে। এ সময় জেনারেল শেঠ ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং নয়াদিল্লি-কাঠমান্ডু সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন।

সোমবার জেনারেল শেঠ নেপাল সেনাবাহিনীকে সামরিক ও চিকিৎসা সরঞ্জামও হস্তান্তর করেন। নেপাল সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, তিনি সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণও করেন, পাশাপাশি গার্ড অব অনার গ্রহণ ও পরিদর্শন করেন।

নেপাল সেনাবাহিনী মনে করছে, জেনারেল শেঠের এই সফর দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার পারস্পরিক আস্থা ও সহযোগিতাকে আরও মজবুত করবে।

মন্তব্য করুন