প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালন সংক্রান্ত নতুন পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করে। এতে গত ১১ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালন সংক্রান্ত জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
নতুন পরিপত্রে জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণভাবে বিভিন্ন দিবস পালনের ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে।
রেডিও ও টেলিভিশনে আলোচনা এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা আয়োজন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
কোনো সপ্তাহ পালনের ক্ষেত্রে অনুষ্ঠানসূচি সাধারণভাবে তিন দিনের মধ্যে সীমিত রাখতে হবে। সরকারি কর্মসূচির কারণে যাতে দাপ্তরিক কাজে ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে বলা হয়েছে।
নগদ অর্থ কিংবা উপকরণ ব্যয় ছাড়াই আয়োজন করা সম্ভব—এমন সাধারণ অনুষ্ঠান ছুটির দিনে বা কর্মদিবসে করা যাবে। কোনো দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে রাজধানীর বাইরে কিংবা জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে।
সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখতে একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে আন্তর্জাতিক দিবস উদযাপনে অগ্রাধিকার দিয়ে একই তারিখে সমধর্মী দিবসগুলো একসঙ্গে পালন করতে হবে।
প্রযোজ্য ক্ষেত্রে এ বিষয়ে সারসংক্ষেপ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে। নতুন পরিপত্রের সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানিয়েছে সরকার।
মন্তব্য করুন