প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:২৫ এ এম
অনলাইন সংস্করণ
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ঈদের আনন্দকে আরও বর্ণিল করতে আগামী ২৪ মে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক উৎসব ‘সোনালী সন্ধ্যা’। রাজধানীর মিনারা পিজিআরএম টাওয়ার-২ প্রাঙ্গণে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এই জমকালো আয়োজন চলবে। দেশের একঝাঁক জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনয়শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি মূলত প্রবাসীদের জন্য একটি বৃহৎ ঈদ পুনর্মিলনী হিসেবে পরিকল্পনা করা হয়েছে।
এনএস ইউনিক গ্লোবাল এসডিএন বিএইচডি-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই কনসার্টে পারফর্ম করবেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সংগীত তারকা প্রীতম হাসান, জেফার এবং প্রতীক হাসান। সংগীতের পাশাপাশি মঞ্চে নৃত্য পরিবেশন করবেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পূজা চেরি ও তমা মির্জা। আধুনিক উৎসবের আমেজ দিতে থাকছে ডিজে আভিলার বিশেষ পরিবেশনা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকবেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা। ‘এমএস গোল্ড প্রেজেন্টস সোনালী সন্ধ্যা’ শীর্ষক এই আয়োজনটি দেশীয় সংস্কৃতির সঙ্গে প্রবাসীদের সেতুবন্ধন তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
গত সোমবার এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সদস্যরা জানান, দীর্ঘ প্রবাস জীবনে কাজের চাপে থাকা বাংলাদেশিদের একটু বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। অনুষ্ঠানের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ থেকে ৩৪৯ মালয়েশিয়ান রিঙ্গিত পর্যন্ত। সাধারণ থেকে ভিআইপি—মোট ছয়টি ভিন্ন স্তরে আসন বিন্যাস করা হয়েছে। আগ্রহী দর্শকরা অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকেট টু ইউ’ ছাড়াও কুয়ালালামপুরের বুকিত বিনতাং, মাসজিদ ইন্ডিয়া ও কোটারায়ার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন। সাংস্কৃতিক এই মিলনমেলাকে ঘিরে মালয়েশিয়ার প্রবাসী কমিউনিটির মধ্যে ইতিবাচক সাড়া ও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
মন্তব্য করুন