প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:৩৫ এ এম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা আইইএলটিএস-এ প্রযুক্তিগত ত্রুটির কারণে বিশ্বজুড়ে ৬২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থীর ফল ভুলভাবে নির্ধারিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা অফকোয়াল।
সংস্থাটি জানায়, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত কম্পিউটার-নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় মূল্যায়ন ব্যবস্থায় এই ত্রুটি ঘটে। পরে ফলাফল সংশোধন করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য বিনা মূল্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ অথবা সম্পূর্ণ ফি ফেরতের ব্যবস্থা রাখা হয়েছে।
অফকোয়াল আরও জানায়, অটোমেটেড মার্কিং সিস্টেমে দীর্ঘদিন ধরে থাকা একটি যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা দেখা দেয়। ওই সময়ে প্রায় ৭৭ লাখ পরীক্ষার্থী আইইএলটিএস পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে প্রায় ৯৩ হাজার ৮৬৫টি উত্তর ভুলভাবে মূল্যায়িত হয়।
সংশোধিত ফলাফলে দেখা যায়, ২০ হাজার ৬০০ জনের বেশি পরীক্ষার্থীর স্কোর বেড়েছে। অন্যদিকে ১ হাজার ১১৫ জনের স্কোর আগে বেশি দেওয়া হয়েছিল, যা পরে সংশোধন করে কমানো হয়।
এ ঘটনায় আইইএলটিএসের অংশীদার কেমব্রিজ ইংলিশকে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে অফকোয়াল। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, দীর্ঘমেয়াদি এই ত্রুটি পরীক্ষার্থী ও প্রতিষ্ঠান—উভয়ের জন্যই বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে।
কেমব্রিজ ইংলিশ জানিয়েছে, সমস্যাটি সমাধান, ক্ষতিপূরণ, কাস্টমার সাপোর্ট উন্নয়ন এবং ভবিষ্যতে এমন ত্রুটি এড়াতে ইতোমধ্যে ৬০ লাখ পাউন্ডের বেশি ব্যয় করা হয়েছে।
বিশ্বব্যাপী আইইএলটিএস পরীক্ষা যৌথভাবে পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি আইইএলটিএস এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।
মন্তব্য করুন