প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
বিদেশি মুদ্রার বাজার স্বাভাবিক দাবি করার এক সপ্তাহের মাথায় দুই দিনে বাজার থেকে ১২ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এতে ডলারের বিপরীতে টাকার মান আরও কমেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে চারটি ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগের দিন একই দরে একটি ব্যাংক থেকে ৭ কোটি ডলার কেনা হয়। ফলে চলতি মাসে মোট ১২ কোটি ডলার কেনা হলো।
ডলার কেনার ফলে টাকার অবমূল্যায়ন হয়েছে ৪৫ পয়সা, যা গত দেড় মাসের মধ্যে উল্লেখযোগ্য পতন। এর আগে ২ মার্চ প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক।
অথচ গত ৮ এপ্রিল বাংলাদেশ ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছিল, আমদানি ব্যয় ও বৈদেশিক পরিশোধ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ডলারের বাজারে কোনো চাপ নেই। রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী থাকায় বৈদেশিক মুদ্রার সরবরাহ ও চাহিদা ভারসাম্যপূর্ণ রয়েছে বলেও দাবি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, বৃহস্পতিবার চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ দশমিক ৭৫ টাকা দরে ৫ কোটি ডলার কেনা হয়েছে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট ৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
আন্তঃব্যাংক লেনদেনে বুধবার ডলারের সর্বোচ্চ দর ছিল ১২২ টাকা ৭৮ পয়সা এবং রেফারেন্স রেট ছিল ১২২ টাকা ৮৮ পয়সা। বৃহস্পতিবার রেফারেন্স রেট দাঁড়িয়েছে ১২২ টাকা ৮৪ পয়সা।
এর আগে বিনিময় হার স্থিতিশীল রাখতে ডলার বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে বর্তমানে আবার ডলার কেনা শুরু হওয়ায় বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ হিসাবে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপিএম৬ পদ্ধতিতে ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং মোট হিসাবে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন