তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৪:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

বিএনপির নেতাকর্মীদের ছোট ঘটনা শিরোনাম হয়, সরকারের ভালো কাজ সেভাবে প্রশংসা পায় না: তথ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপির নেতাকর্মীদের ছোটখাটো ঘটনাও গণমাধ্যমে শিরোনাম হয়, কিন্তু সরকারের ইতিবাচক কর্মকাণ্ড ততটা গুরুত্ব পায় না।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে) অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে বিএনপির কোনো কর্মী সামান্য অপরাধ করলেও তা বড় শিরোনাম হয়ে যায়। অথচ প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষার্থীর অংশগ্রহণে বড় আকারের ফুটবল প্রতিযোগিতার মতো ইতিবাচক উদ্যোগগুলো তেমন প্রচার পায় না।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সরকারের ভালো কাজগুলোও তুলে ধরা উচিত, যাতে জনগণ বিকল্প রাজনৈতিক শক্তির ইতিবাচক ভূমিকা সম্পর্কে জানতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, অনেক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মালিক অতীতে সরকারের অংশ ছিলেন। তাই সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষভাবে সরকারের ভালো দিক তুলে ধরা সাহসী সাংবাদিকতার অংশ হতে পারে।

অনুষ্ঠানে ফ্যাসিবাদ প্রতিরোধ ও দেশের উন্নয়নে সরকার ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল লতিফ। তিনি বলেন, গণমাধ্যমে গভীর আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে এবং মালিকানার প্রভাবমুক্ত হয়ে সম্পাদকীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

প্রধান আলোচক হিসেবে দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বর্তমানে অনেক গণমাধ্যম প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে, যারা নিজেদের স্বার্থেই মিডিয়া পরিচালনা করে।

সভায় সভাপতিত্ব করেন বিএজের সভাপতি এম আবদুল্লাহ। এছাড়া আরও বক্তব্য দেন ডিইউজের সহসভাপতি শাহীন হাসনাত, সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ, আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসেনসহ বিভিন্ন সাংবাদিক নেতারা।

মন্তব্য করুন