স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৫১ মিনিট আগে, ০৬:১০ পিএম

অনলাইন সংস্করণ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ:

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার পেছনে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্ত দায়ী বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তৎকালীন সরকারকেও এ সিদ্ধান্তের জন্য দায়ী করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে তদন্ত কমিটির ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়। গত মার্চে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণ অনুসন্ধানে জাতীয় ক্রীড়া পরিষদ এই তিন সদস্যের কমিটি গঠন করে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম ওলি উল্যার নেতৃত্বাধীন কমিটির অন্য দুই সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক জাতীয় অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে তদন্ত কমিটির কাছে মনে হয়েছে, বিশ্বকাপে না যাওয়ার জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দায়ী। এ সিদ্ধান্তের জন্য তৎকালীন সরকারকেও দায়ী করেন তিনি।

তদন্ত কমিটির প্রতিনিধি হিসেবে ফয়সাল বলেন, বাংলাদেশের অবশ্যই বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল।

প্রতিবেদনে ১২ জনের সাক্ষাৎকার নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তাদের বক্তব্যের সারসংক্ষেপও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

ক্রিকেটারদের মধ্যে সাক্ষাৎকার নেওয়া হয় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ক্রিকেট অঙ্গনের আরও যাদের সঙ্গে কথা বলা হয়েছে, তারা হলেন সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল খান, বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, কোচ ও ওই সময়ের জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং ওই সময়ের বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন।

এ ছাড়া যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমের সঙ্গেও কথা বলে তদন্ত কমিটি।

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি রেদুয়ানুজ্জামান ও সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদের সাক্ষাৎকার নেওয়া হয়।

তবে তদন্ত কমিটি জানায়, বিতর্কের কেন্দ্রে থাকা সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং ওই সময়ের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারত সফরে যায়নি। বাংলাদেশ পাকিস্তানের মতো সংযুক্ত আরব আমিরাতে গিয়ে বিশ্বকাপ খেলার আগ্রহ প্রকাশ করেছিল। তবে আইসিসি এতে সম্মতি না দেওয়ায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়।

এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়া বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা ইস্যুতে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনাও বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলার প্রেক্ষাপটে আলোচনায় এসেছে।

 

মন্তব্য করুন