বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৪১ মিনিট আগে, ০৬:২০ পিএম

অনলাইন সংস্করণ

'অভিনয়ের বাইরে আর কোনও সম্পর্ক রাখি না।'

সহ-অভিনেতা তাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে কীভাবে পরিস্থিতি সামলান—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী শাহনাজ গিল। জবাবে তিনি জানান, এমন পরিস্থিতিতে সহ-অভিনেতার কাছ থেকে দূরত্ব বজায় রেখে শুধু পেশাগত কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকেন।

শাহনাজ বলেন, “আমাকে নিয়ে কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে, আমি তার থেকে অনেক দূরেই থাকি। তখন শুধু অভিনয়টুকুই করি। অভিনয়ের বাইরে আর কোনও সম্পর্ক রাখি না।”

তবে সব সহ-অভিনেতার সঙ্গে তার এমন অভিজ্ঞতা হয়নি বলেও জানান শাহনাজ। গিপ্পি গ্রেবালের সঙ্গে ‘সিংহ ভার্সেস কৌর ২’ ছবিতে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তারা দুজনই একে অপরকে সব সময় সহযোগিতা করেছেন। ভবিষ্যতে কীভাবে নিজেদের কর্মজীবনে এগিয়ে যাওয়া যায়, তা নিয়েও তারা পরস্পরের সঙ্গে পরামর্শ করেছেন।

শাহনাজের মতে, সহ-অভিনেতাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হলে এর প্রভাব শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তিনি বলেন, যেখানে নিরাপত্তাহীনতা তৈরি হয় বা কাজের পরিবেশ নষ্ট হয়ে যায়, সেখানে তার প্রভাব ছবির কাজের ওপরও পড়ে।

শাহনাজ গিলের অভিনয়জীবনের শুরু বড় পর্দায় হয়নি। ২০১৫ সালে তাকে পঞ্জাবি গানের ভিডিওতে দেখা যায়। ২০১৭ সালে ‘সৎ শ্রীয়াকাল ইংল্যান্ড’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার।

এরপর একাধিক পঞ্জাবি ছবিতে অভিনয় করেন শাহনাজ। তবে ২০১৯ সালে ‘বিগ বস ১৩’-এ অংশ নেওয়ার পর সারা দেশে পরিচিতি পান তিনি। ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় শাহনাজের।

 

মন্তব্য করুন