বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১০:১০ এ এম

অনলাইন সংস্করণ

নিউইয়র্কের রাস্তায় টেলর-কেলস জুটি

মার্কিন পপতারকা টেলর সুইফট ও এনএফএল (জাতীয় ফুটবল লীগ) তারকা ট্র্যাভিস কেলসের বিয়ের পর থেকে তাঁদের প্রতিটি পাবলিক অ্যাপিয়ারেন্স বা জনসমক্ষে উপস্থিতি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। চলতি বছরের ৩ জুলাই নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আড়ম্বরপূর্ণ আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দুই মাস পর আবারও রোমান্টিক মুহূর্তে ফ্রেমবন্দী হলেন এই তারকা দম্পতি।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্ক সিটির ম্যানহাট্টানের নোম্যাড এলাকায় অবস্থিত জনপ্রিয় উত্তর ভারতীয় রেস্তোরাঁ ‘অ্যাম্বাসাডরস ক্লাব হাউজ’-এ নৈশভোজ সারতে যান টেলর ও কেলস। বিটরুট রাজ কচুরি চাট ও শাহি পাতিয়ালা ল্যাম্ব রানের মতো বিখ্যাত পদের জন্য পরিচিত এই রেস্তোরাঁয় পৌঁছানোর পর পাপারাজ্জি ও ভক্তদের নজর কাড়েন তারা। রেস্তোরাঁয় প্রবেশের সময় স্ত্রী টেলরকে পরম যত্নে আগলে রাখতে দেখা যায় ট্র্যাভিস কেলসকে।

নৈশভোজে টেলর সুইফটের ফ্যাশনেবল আভিজাত্য ছিল চোখে পড়ার মতো। এ পপতারকা পরেছিলেন বিশ্বখ্যাত ডিজাইনার স্টেলা ম্যাককার্টনির তৈরি মেটালিক ব্রাউন সিল্ক হল্টার ড্রেস। এর সঙ্গে মানানসই বার্গান্ডি পার্স ও মেটালিক হিলস যুক্ত করেছিলেন তিনি। তবে সবচেয়ে বেশি আলোড়ন ফেলে তাঁর হাতে থাকা ওপাল রিং ও ব্রেসলেট সেট, যা গত ক্রিসমাসে ট্র্যাভিস তাঁকে ভালোবেসে উপহার দিয়েছিলেন।

অন্যদিকে, স্ত্রী টেলরের পাশাপাশি এনএফএল তারকা ট্র্যাভিস কেলসকেও দেখা গেছে বেশ মার্জিত ও ক্যাজুয়াল লুকে। কেলস একটি সাদা সিল্ক স্ট্রাইপড বাটন-আপ শার্টের সঙ্গে ব্রাউন ট্রাউজার্স ও চেকার্ড ভ্যানস স্নিকার্স পরিধান করেছিলেন। বিয়ের পর নিউইয়র্কের বুকে এই নবদম্পতির রোমান্টিক উপস্থিতি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে।

 

মন্তব্য করুন