বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৪:১৫ পিএম

অনলাইন সংস্করণ

দেড় কোটি রুপির সেই আংটির নেপথ্যের গল্প সামনে আনলেন সামান্থা

বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে নিজেদের মিষ্টি দাম্পত্য জীবনের নানা মুহূর্ত নিয়ে চর্চায় রয়েছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু ও প্রযোজক-পরিচালক রাজ নিদিমোরু। এবার স্বামী রাজের দেওয়া বিশেষ বাগদানের আংটি (এনগেজমেন্ট রিং) নিয়ে বিস্ফোরক ও রোমাঞ্চকর তথ্য প্রকাশ করলেন এই অভিনেত্রী। আংটিটির ডিজাইন তাঁর এতটাই পছন্দ হয়েছিল যে, বিয়ের প্রস্তাব দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেই নকশা সামান্থার কাছ থেকে পুরোপুরি গোপন রেখেছিলেন রাজ।

সম্প্রতি 'দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া'কে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থা জানান, আংটিটি বেছে নেওয়ার ক্ষেত্রে তাঁর নিজের কোনো ভূমিকাই ছিল না। তিনি বলেন, “সত্যি বলতে এ বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। সবটাই রাজের করা। রাজ যখন আমাকে বিয়ের প্রস্তাব দেয়, ঠিক তখনই আমি প্রথমবার আংটিটি দেখেছিলাম।”

আংটিটির নেপথ্য গল্পও বেশ আকর্ষণীয়। গ্রিসের এথেন্স-ভিত্তিক বিখ্যাত গহনা ডিজাইনার থিওডোরোস সাভোপুলোস এটি তৈরি করেছেন। বিশেষ এই এনগেজমেন্ট রিং তৈরিতে যুক্ত থাকতে পেরে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাভোপুলোস নিজেও।

এদিকে ভারতের প্রখ্যাত সেলিব্রিটি জুয়েলারি বিশেষজ্ঞ প্রিয়াংশী গোয়েল জানান, রাজ যে হীরা বসানো আংটিটি দিয়ে সামান্থাকে বিয়ের প্রস্তাব দেন, তা 'লজেন্স-কাট' ডিজাইনের এবং এর আনুমানিক মূল্য প্রায় ১.৫ কোটি টাকা। পোর্ট্রেট-কাট হীরা দিয়ে তৈরি আটটি পাপড়ির এই নকশাটি অত্যন্ত বিরল এবং এর সঙ্গে ভারতীয় মুঘল আমলের ঐতিহ্যবাহী গয়না শৈলীর ইতিহাস জড়িত রয়েছে। উল্লেখ্য, দীর্ঘ প্রেমের পর গত ২০২৫ সালের ১ ডিসেম্বর একটি মন্দিরে একেবারেই ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন সামান্থা ও রাজ।

 

মন্তব্য করুন