তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৪১ মিনিট আগে, ০৫:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৬ শিশুর

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গ মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায়—সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত—হামের উপসর্গ নিয়ে ঢাকায় চারজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩১৬ রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৮৪ জন, চট্টগ্রামে ২৮১, সিলেটে ১৯৭, বরিশালে ১২৫, খুলনায় ৯৮, ময়মনসিংহে ৮২, রাজশাহীতে ৩০ এবং রংপুরে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে। এর মধ্যে ২০ হাজার ২০১ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

 

মন্তব্য করুন