বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৬:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

টেলিভিশন নাটকের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার একসঙ্গে হাজির হতে যাচ্ছেন বড় পর্দায়। ভিকি জাহেদের পরিচালনায় ‘পুলসিরাত’ সিনেমায় জুটি বাঁধছেন তারা।

চলতি বছরের জানুয়ারিতে সিনেমাটির নাম নিবন্ধনের খবর প্রকাশ্যে এলেও তখন অভিনয়শিল্পী হিসেবে নিশো ও মেহজাবীনের নাম চূড়ান্ত ছিল না। তবে সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে প্রযোজক শাহরিয়ার শাকিল নিশো ও মেহজাবীনের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘পুলসিরাত’-এর প্রাথমিক প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী জানুয়ারির শুরুতে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। টানা এক মাস শুটিং করে দৃশ্যধারণ শেষ করার প্রস্তুতি চলছে।

সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তির লক্ষ্যেও কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সূত্র। পরিকল্পনা অনুযায়ী জানুয়ারিতে শুটিং এবং ফেব্রুয়ারিতে পোস্ট-প্রডাকশনের কাজ শেষ করে মার্চের ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি রয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ‘পুলসিরাত’-এর মাধ্যমে বড় পর্দায় জুটি হিসেবে অভিষেক হবে নিশো ও মেহজাবীনের। একই সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করবেন ভিকি জাহেদ।

‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রযোজনায় সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি আলোচিত ও সফল সিনেমা মুক্তি পেয়েছে।

এর আগে ভিকি জাহেদের নির্মাণে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’ ও ‘রেডরাম’-এর মতো নাটক ও ওয়েব সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন নিশো ও মেহজাবীন। এবার বড় পর্দায় তাদের জুটি দেখতে অপেক্ষায় রয়েছেন দর্শকরা।বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

মন্তব্য করুন