জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৬:৪২ পিএম

অনলাইন সংস্করণ

প্রেসক্লাবের সভাপতি হলেন পৌর বিএনপির সাধারন সম্পাদক

সাংবাদিকতায় যুক্ত হওয়ার মাত্র কয়েক মাসের মাথায় জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। রাজনীতিতে সক্রিয় একজন নেতার হঠাৎ সাংবাদিকতায় আসা এবং রাতারাতি প্রেসক্লাবের শীর্ষ পদে বসা নিয়ে জেলার সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে দেওয়ানগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রেসক্লাবের এক সভা শেষে নতুন এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক সভাপতি খাদেমুল ইসলাম নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি পদে আতিকুর রহমান সাজু এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের সাংবাদিক আব্দুর রাজ্জাক মিকা নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা যায়- আতিকুর রহমান সাজু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। বর্তমানে তিনি দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দলটির পৌর শাখার সদস্য সচিব ও আহ্বায়কের দায়িত্বেও ছিলেন। চলতি বছরের মে মাসে অনলাইন নিউজ পোর্টাল 'সিএনএ টোয়েন্টিফোর নিউজ' এর মাধ্যমে তিনি প্রথম সাংবাদিকতায় নাম লেখান।

এদিকে নবগঠিত এই কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে কালের কণ্ঠের তারেক মাহমুদকে। এছাড়া সহসভাপতি হিসেবে নাগরিক টিভির খাদেমুল ইসলাম অলিদ, ভোরের কাগজের বিল্লাল হোসেন মণ্ডল, বাংলাবাজার পত্রিকার আশরাফ হোসেন রাজা, চ্যানেল এসের ফারুক মিয়া, দৈনিক আমার সময়ের দেলোয়ার হোসেন ও দৈনিক বাংলার নজরুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জামালপুর নিউজ টোয়েন্টিফোর ডটকমের মহসিন রেজা রুমেল, সহসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পিকুল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাইফুল ইসলাম ফুলু। 

একজন সক্রিয় রাজনৈতিক নেতা কীভাবে প্রেসক্লাবের সভাপতি হতে পারেন, এমন প্রশ্নে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি দেওয়ানগঞ্জের অধিকাংশ সাংবাদিক। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কমিটিতে থাকা একজন জানান- মূলত উপজেলার বিভক্ত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এবং ভুয়া সাংবাদিক বা কার্ডধারী চাঁদাবাজদের দৌরাত্ম্য রুখতেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই উল্লেখ করে ওই সদস্য আরও জানান, উদ্দেশ্য সফল হলেই আতিকুর রহমান সাজু পদ ছেড়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে নতুন সভাপতি আতিকুর রহমান সাজুর প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয়। প্রথমে অভিনন্দনের জবাবে স্বাভাবিকভাবে কথা শুরু করলেও, সাংবাদিকতায় তার যুক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করতেই তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অন্য একজন সাংবাদিক ফোন করলেও পরিচয় পাওয়ার পর তিনি একই আচরণ করেন।

তবে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জেলার সাংবাদিক নেতারা।

প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন- “সাংবাদিকদের মূল কাজ সরকারের গঠনমূলক সমালোচনা করা এবং ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা। কিন্তু সেই ক্ষমতার অধিকারী নেতারাই যদি সাংবাদিকদের সংগঠন নিয়ন্ত্রণ করেন, তবে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হয়ে যায়। হুকুম পালন করতে করতেই সাংবাদিকতার ইতি টানতে হয়। রাজনৈতিক দলের নেতারা সাধারণত বস্তুনিষ্ঠ সংবাদ মেনে নিতে পারেন না। তাই একজন সক্রিয় রাজনীতিক প্রেসক্লাবের দায়িত্বে থাকলে ওই এলাকায় সুস্থ ধারার সাংবাদিকতার পরিবেশ নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়।”

জামালপুর জেলা প্রেসক্লাবরে সাবেক সভাপতি মো: ইউসূফ আলী বলেন- ‍“এটি হওয়া উচিত না। এতে সাংবাদিকদের অধিকার নক্ষা করা কঠিন হয়ে যাবে।” 

দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কমিটির সাধারণ সদস্যদের নাম এখনো চূড়ান্ত হয়নি, যা পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন