বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৫:২৩ পিএম

অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পর কেমন আছেন মোনালিসা

একসময় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হিসেবে ব্যস্ত সময় পার করলেও দীর্ঘদিন ধরে অভিনয় ও মডেলিং থেকে দূরে রয়েছেন মোজেজা আশরাফ মোনালিসা। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এই অভিনেত্রী।

সোমবার (৫ অক্টোবর) ছিল মোনালিসার জন্মদিন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে জীবনের নানা উত্থান-পতন, পাওয়া-না পাওয়ার কথা তুলে ধরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজের জন্মদিনে আল্লাহর কাছে প্রার্থনা করে মোনালিসা বলেন, ‘আল্লাহ যেন আমাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন। প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করার তাওফিক দেন। আশীর্বাদ, সুন্দর মুহূর্ত এবং নতুন নতুন অর্জনে ভরে উঠুক জীবনের আরও একটি বছর।’

জীবনের নানা উত্থান-পতনের প্রসঙ্গে তিনি বলেন, ‘জীবনে উত্থান-পতন সত্ত্বেও কৃতজ্ঞ হওয়ার অসংখ্য কারণ খুঁজে পাই। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। কারণ জীবনে আরও একটি বছর, সুস্বাস্থ্য, শক্তি ও প্রতিকূলতা মোকাবিলার মানসিক দৃঢ়তা দান করেছেন তিনি।’

মোনালিসা আরও বলেন, ‘আজ জীবনের আরও একটি বছর পূর্ণ হওয়ার আনন্দ উদযাপন করছি। বছরটি নানা চ্যালেঞ্জ, শিক্ষা, উন্নতি ও আনন্দে ভরা ছিল। জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। কারণ প্রতিটি অভিজ্ঞতা আজকের মানুষ হিসেবে আমাকে গড়ে তুলেছে।’

২০১২ সালে ক্যারিয়ারের সাফল্যের সময় নিউইয়র্ক প্রবাসী ফাইয়াজ শরিফকে বিয়ে করেন মোনালিসা। পরের বছর স্বামীর সঙ্গে নিউইয়র্কে সংসার শুরু করার পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবেও কাজ শুরু করেন তিনি।

তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের প্রায় এক বছরের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন মোনালিসা ও ফাইয়াজ শরিফ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন করে আর সংসার বাঁধেননি এই অভিনেত্রী।

অভিনয় ও মডেলিং থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় মোনালিসা। নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও জীবনের নানা ভাবনা নিয়মিতই ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

মন্তব্য করুন