বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৫:২১ পিএম

অনলাইন সংস্করণ

পাক অভিনেতার সঙ্গে নুসরাত ফারিয়া

পাকিস্তানের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ওয়াহাজ আলি এবার ঢাকার মঞ্চে দেখা দিলেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার সঙ্গে। ফ্যাশন শোতে একসঙ্গে তাদের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে।

ওয়াহাজ আলি ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। এরপর ‘ইশক জালেবি’, ‘দিল নওয়াজ’ ও ‘ফিতুর’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে পরিচিতি পান তিনি।

তবে ‘তেরে বিন’ সিরিয়ালে মুরতাসিম চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান ওয়াহাজ। এই নাটকের মাধ্যমে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

কয়েক দিন আগে ঢাকায় আসার কথা জানিয়েছিলেন ওয়াহাজ। এবার শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ শীর্ষক ফ্যাশন শোতে অংশ নেন তিনি। একই আয়োজনে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়াও।

শোর ফাঁকে ওয়াহাজ আলির সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—‘জামদানি পরে গর্বের সঙ্গে হেঁটেছি, ভালোবাসা দিয়ে প্রতিনিধিত্ব করেছি, আর স্মৃতি জমিয়েছি।’

ছবিতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে জামদানি মোটিফের গাঢ় বেগুনি স্ট্র্যাপলেস লেহেঙ্গায়। পোশাকের সঙ্গে ছিল হার, ঝুমকা, চুড়ি ও টিকলি। অন্যদিকে ওয়াহাজ আলির পরনে ছিল গাঢ় নীল ফরমাল স্যুট ও একই রঙের শার্ট।

ছবি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকে দুজনকে একসঙ্গে দেখে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ তাদের একসঙ্গে কাজ করার প্রত্যাশাও জানিয়েছেন।

‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ শীর্ষক এই ফ্যাশন শোতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সামানজার সাঈদসহ আরও অনেকে অংশ নেন।

মন্তব্য করুন