বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:০৭ পিএম

অনলাইন সংস্করণ

জাহ্নবীর সঙ্গে বিকৃত দৃশ্যের গান ভাইরাল, হুঁশিয়ারি এনটিআরের

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে ‘চুট্টামল্লে’ গানের দৃশ্য বিকৃত করে তৈরি করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। বিকৃত ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর অভিনীত ‘দেবরা: পার্ট ১’ সিনেমার ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘চুট্টামল্লে’ গানটির একটি বিকৃত ও এআই-নির্মিত ভিডিও গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মূল দৃশ্য পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান জুনিয়র এনটিআর। তিনি লেখেন— 'অসহ্য, জঘন্য ও নির্লজ্জ।'

জুনিয়র এনটিআর বলেন, যে দেশে নারীদের মা ও দেবী হিসেবে সম্মান করা হয় এবং যেখানে ‘মাতৃদেব ভব’ শুধু একটি বাক্য নয়, বরং সংস্কৃতির অংশ, সেখানে এআই ব্যবহার করে একজন নারীকে অত্যন্ত নিকৃষ্টভাবে অসম্মান করা হচ্ছে। এ ধরনের জঘন্য কনটেন্ট তৈরিতে এআইয়ের ব্যবহারকে 'অত্যন্ত লজ্জাজনক' বলেও মন্তব্য করেন তিনি।

বিকৃত ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে অভিনেতা বলেন, 'এই বিকৃত ভিডিও যারা তৈরি করেছেন, তাদের কাউকে আমি ছেড়ে দেব না।'

এ ঘটনায় জড়িত সবার বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জুনিয়র এনটিআর। একই সঙ্গে সাধারণ মানুষকে এমন কনটেন্ট না দেখা এবং শেয়ার না করার অনুরোধ করেছেন তিনি।

অভিনেতা বলেন, আজ এটি অন্য কারও সঙ্গে ঘটছে, কিন্তু ভবিষ্যতে এমন ঘটনা কারও মা, বোন, স্ত্রী কিংবা মেয়ের সঙ্গেও ঘটতে পারে। এআইয়ের অপব্যবহার ঠেকাতে কেন্দ্র ও সব রাজ্য সরকারকে আরও কঠোর পদক্ষেপ এবং কড়া নিয়ম চালুরও আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ‘চুট্টামল্লে’ গানটির সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র এবং গানটি গেয়েছেন শিল্পা রাও। গানটির হিন্দি সংস্করণ ‘ধীরে ধীরে’। এ ছাড়া তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষাতেও গানটি মুক্তি পায়। ‘দেবরা: পার্ট ১’ সিনেমার মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হয় জাহ্নবী কাপুরের।

মন্তব্য করুন