বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:০৩ পিএম

অনলাইন সংস্করণ

বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয়, কেন পানি খেতেন না অভিনেতা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা প্রতিটি নতুন চরিত্রের জন্য নিজেকে ভিন্নভাবে প্রস্তুত করেন। কখনো ওজন কমান, কখনো বাড়ান; বদলে ফেলেন খাদ্যাভ্যাসও। এবার ‘লিগার’ সিনেমার জন্য নিজের শরীর বদলের কঠিন অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

বর্তমানে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার ‘রণবালী’ সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সিনেমাটির কাজের ব্যস্ততার মধ্যেই সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের কথা তুলে ধরেন বিজয়।

২০২২ সালের সিনেমা ‘লিগার’-এ এমএমএ যোদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন বিজয়। সিনেমাটির মাধ্যমে হিন্দি চলচ্চিত্রেও অভিষেক হয় তার। চরিত্রের প্রয়োজনে পেশিবহুল ও ছিপছিপে শরীর তৈরি করতে কঠোর শারীরিক প্রস্তুতি নিতে হয়েছিল তাকে।

বিজয় জানান, সাধারণত দিনে চার থেকে ছয় লিটার পানি পান করা তার অভ্যাস। কিন্তু ‘লিগার’-এর শুটিংয়ের সময় চরিত্রের প্রয়োজনে পানি খাওয়ার পরিমাণ ধাপে ধাপে কমিয়ে মাত্র ১০০ মিলিলিটারে নামিয়ে এনেছিলেন তিনি।

শুধু তাই নয়, শুটিংয়ের আগে টানা ১০ ঘণ্টা পানি না খেয়েও থাকতে হতো তাকে। তেষ্টা মেটাতে শেষ পর্যন্ত মুখে বরফের টুকরো রাখতে হতো। বিজয়ের ভাষ্য, এই পদ্ধতি মোটেই সহজ ছিল না এবং এটি স্বাস্থ্যকরও নয়।

শরীরে পানির পরিমাণ কমে যাওয়ায় শুটিংয়ের সময় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছিল বলে জানান অভিনেতা। চার ঘণ্টার শুটিং শেষ করে কখন পানি পান করতে পারবেন, সেই অপেক্ষাতেই থাকতেন তিনি।

শুটিং শেষে কী খাবেন, তা নিয়ে তেমন চিন্তা ছিল না বিজয়ের। তার একমাত্র চিন্তা ছিল কখন পানি পান করতে পারবেন। এ কারণে শুটিং শেষ হওয়ার আগেই তার দলকে নারিকেলের পানি প্রস্তুত রাখতে বলতেন তিনি। একবারে প্রায় চার লিটার নারিকেলের পানিও চাইতেন অভিনেতা।

বিজয় জানান, শুটিং চলাকালে আড়াই ঘণ্টা পেরোলেই তিনি টিমকে কাজ শেষ করার কথা বলতে শুরু করতেন। ‘লিগার’-এর জন্য নেওয়া এই কঠিন প্রস্তুতির অভিজ্ঞতা চরিত্রের প্রতি তার নিষ্ঠারই একটি দৃষ্টান্ত বলে মনে করেন তিনি।

মন্তব্য করুন