বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:০৯ পিএম

অনলাইন সংস্করণ

‘আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে’—সামিয়া আফরিন

বিনোদন জগতের উপস্থাপিকা ও মডেল-অভিনেত্রী সামিয়া আফরিন দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। বর্তমানে ডিম্বাশয়ের ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন তিনি এবং সম্প্রতি অস্ত্রোপচারের পর কেমোথেরাপি শুরু করেছেন।

২০২২ সালের এপ্রিলে সামিয়ার কোলন ক্যানসার শনাক্ত হয়। পরবর্তী সময়ে সেটি ফুসফুস ও লিম্ফ নোডে ছড়িয়ে পড়লে স্টেজ ৪ ক্যানসার ধরা পড়ে। এরপর সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি।

চলতি বছর সামিয়ার শরীরে নতুন করে ডিম্বাশয়ের ক্যানসার শনাক্ত হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে হাসপাতালে থেকেই কেমোথেরাপি নিচ্ছেন তিনি।

কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ায় এর আগে মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন সামিয়া। সেই সময় নিজের ছবি প্রকাশ করে জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথাও জানিয়েছিলেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) রাতে হাসপাতালের শয্যা থেকে তোলা একটি ছবি দিয়ে নিজের শারীরিক অবস্থার কথা জানান সামিয়া। ফেসবুকে দেওয়া পোস্টে অভিনেত্রী বলেন, 'আমার তৃতীয় কেমো শেষ হলো। আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা— আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।’

অক্টোবর ক্যানসার সচেতনতার মাস উল্লেখ করে তিনি সবাইকে নিজের শরীরের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান। সামিয়া বলেন, ‘নিজের শরীরের প্রতি সচেতন হোন। অস্বাভাবিক কোনো পরিবর্তন অবহেলা করবেন না; সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত চেকআপ করুন। কারণ প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।’

নিজের যত্ন নেওয়া ও সচেতন থাকাকেই আসল ভালোবাসা বলে মনে করেন সামিয়া। তার এই পোস্টের পর ভক্ত-অনুরাগী ও বিনোদন জগতের অনেকেই তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।

মন্তব্যের ঘরে অভিনেত্রী মৌসুমী নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি ও ফাহমিদা নবীসহ অনেকে দোয়া ও ভালোবাসার বার্তা জানিয়েছেন।

মন্তব্য করুন