প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ
বলিউড অভিনেতা গোবিন্দর সঙ্গে নাম জড়িয়ে সমালোচনার মুখে এবার কড়া জবাব দিয়েছেন নবাগত অভিনেত্রী কোমল রানি স্বর্ণকার। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা ও সমালোচনায় ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন তিনি।
সম্প্রতি মুম্বাইয়ের ঐতিহ্যবাহী লালবাগচা রাজার মণ্ডপে ৬৩ বছর বয়সি গোবিন্দর সঙ্গে দেখা যায় কোমল রানিকে। তাদের একসঙ্গে উপস্থিতির বিষয়টি সামনে আসার পর গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা এ নিয়ে প্রকাশ্যে কথা বলেন।
পরে অভিনেত্রী দিব্যা খোসলা কুমার ও কাশ্মীরা শাহও সুনীতার সমর্থনে কথা বলেন এবং কোমলকে নিয়ে সমালোচনা করেন। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ পোস্ট দিয়ে নিজের অবস্থান জানান কোমল।
কোমলের দাবি, কিছু তারকা অনাহুতভাবে তার চরিত্র ও ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘সন্ত্রাসবাদ, রাজনীতি, কোনো অভিনেতার মৃত্যু কিংবা কোনো তারকার একাধিক বিয়ের মতো গুরুতর সব বিষয়ে যাদের কখনো প্রকাশ্যে এত শক্ত মতামত দিতে দেখিনি, তারা আজ হুট করে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে এত মাথা ঘামাচ্ছে কেন? হঠাৎ করে কেন এটি জাতীয় চর্চার বিষয় হয়ে দাঁড়াল যে সবাইকে এতে মতামত দিতেই হবে?’
গোবিন্দর সঙ্গে লালবাগচা রাজায় গণপতি বাপ্পার দর্শনে যাওয়ার বিষয়টিও পরিষ্কার করেন কোমল। তার ভাষ্য, প্রচার পাওয়ার উদ্দেশ্যে বা ব্যক্তিগত কোনো সম্পর্ক প্রকাশ করতে তারা সেখানে যাননি। আসন্ন সিনেমা ‘রূপা’র সাফল্যের জন্য আশীর্বাদ নিতেই তিনি সিনেমার নায়কের সঙ্গে পূজা দিতে গিয়েছিলেন।
এ প্রসঙ্গে কোমল লেখেন, ‘আমার সিনেমার নায়কের সঙ্গে গণপতি বাপ্পার চরণে যাওয়া এবং আমাদের আসন্ন সিনেমা ‘রূপা’-র সাফল্যের জন্য প্রার্থনা করা কবে থেকে জাতীয় লজ্জা বা লোকদেখানো বিষয় হয়ে দাঁড়াল? আমরা আমাদের নতুন সিনেমা ‘রূপা’-র ঘোষণা দিয়েছি, কোনো প্রেমের সম্পর্কের ঘোষণা দিইনি। সিনেমার প্রচারের খাতিরে সহ-অভিনেতা ও সহ-অভিনেত্রীদের একসঙ্গে প্রকাশ্যে আসার ঘটনা খুবই স্বাভাবিক।’
এ ছাড়া ব্যক্তিগত স্বার্থ হাসিল বা আলোচনায় থাকার জন্য অন্যের বিতর্কে জড়ানো তারকাদেরও সমালোচনা করেন কোমল। নাম উল্লেখ না করে তিনি ইঙ্গিত দেন, জনপ্রিয়তা হারানো কিছু তারকা এখন অন্যদের নিয়ে বিতর্ক তৈরি করে আলোচনায় থাকার চেষ্টা করছেন।
কোমল আরও সতর্ক করে বলেন, তাকে নিয়ে এ ধরনের মন্তব্য অব্যাহত থাকলে সমালোচকদের নিজেদের অতীতের অজানা বিভিন্ন তথ্যও প্রকাশ্যে চলে আসতে পারে।
মন্তব্য করুন