প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকার যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রকল্প বাস্তবায়নের পথে থাকা প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত এবং কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের নির্দেশ দেন তিনি।
প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন