তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১০:৩০ এ এম

অনলাইন সংস্করণ

তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের ইউএন বাইল্যাটারাল বুথে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচির পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিচ্ছেন।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা। একই সঙ্গে জনশক্তি ও উন্নয়ন সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় বৈঠকে স্থান পায়।

বাংলাদেশে সৌদি বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এ কে এম নাজমুল হক বৈঠকের এসব তথ্য জানান।

বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা-রিয়াদ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে সৌদি আরবের আগ্রহের কথা জানান।

 

মন্তব্য করুন