প্রকাশিত: ২৪ সেপ্টেম্বার, ২০২৬, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে ক্যালসিয়াম কার্বাইডসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে কলা পাকিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। দ্রুত পাকানো ও আকর্ষণীয় রং আনতে এসব রাসায়নিক ব্যবহারের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতারা।
স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন আড়ত ও দোকানে দেশের বিভিন্ন এলাকা থেকে আনা কাঁচা কলা দ্রুত পাকিয়ে বিক্রি করা হচ্ছে। স্থানীয় কয়েকজন বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, কলা দ্রুত পাকাতে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহারের প্রচলন রয়েছে। তবে অনেক ব্যবসায়ী এ অভিযোগ অস্বীকার করেছেন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বলেন, এসব রাসায়নিক শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। বিশেষ করে শিশুদের জন্য এর ক্ষতিকর প্রভাব মারাত্মক হতে পারে। তাই রাসায়নিক দিয়ে পাকানো ফল না খাওয়া এবং ফল কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিশেষ সময়গুলোতে ভেজালবিরোধী অভিযান চালানো হলেও সারা বছর বাজারে ফলের মান নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি প্রয়োজন। তাঁদের দাবি, বাজারে বিক্রি হওয়া কলার নমুনা পরীক্ষা করে রাসায়নিক ব্যবহারের অভিযোগের সত্যতা যাচাই করা হোক।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিয়মিত বাজার তদারকি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।
মন্তব্য করুন