তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:১৬ পিএম

অনলাইন সংস্করণ

প্রথম ক্রাশ কে— জানালেন পরীমনি

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব ঢালিউড অভিনেত্রী পরীমনি। নিজের ভালো লাগা ও অনুভূতির নানা মুহূর্ত নিয়মিতই ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

পরীমনির জীবনের প্রথম ক্রাশ ও প্রেম নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের আগ্রহ রয়েছে। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে নিজের জীবনের ‘প্রথম সবকিছু’ নিয়ে কথা বলতে গিয়ে প্রথম ক্রাশের নামও জানিয়েছিলেন অভিনেত্রী। সেখানে তিনি ভারতের অভিনেতা রনিত রায়ের নাম বলেছিলেন।

রনিত রায় ভারতীয় টেলিভিশন সিরিজ ‘আদালত’-এ কেডি পাঠক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।

সম্প্রতি সেই রনিত রায়ের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন পরীমনি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শেয়ার করা ভিডিওটিতে রনিত রায়কে বাঁশি বাজাতে দেখা যায়।

ভিডিওটির সঙ্গে রনিত রায় লিখেছেন, ‘যাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদেরকেই আপনি তৈরি করছেন—আপনাকে ছাড়া বাঁচতে শেখার জন্য।’

রনিত রায়ের বাঁশি বাজানোর ভিডিও এবং তার আবেগঘন ক্যাপশনটি পরীমনির ভালো লেগেছে বলেই ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করেছেন তিনি। ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে শুধু রনিত রায়ের নাম লিখে পাশে একটি লাল হৃদয়ের ইমোজি যোগ করেন অভিনেত্রী।

এর আগে প্রথম ক্রাশ সম্পর্কে জানতে চাওয়া হলে পরীমনি সরাসরি বলেছিলেন, ‘ক্রাশ! রনিত রায়।’ এবার তার সেই পছন্দের অভিনেতার ভিডিও শেয়ার করায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে সামাজিক মাধ্যমে।

মন্তব্য করুন