তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:২৪ পিএম

অনলাইন সংস্করণ

নতুন নামে যাত্রা শুরু করল র‌্যাব

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে গঠিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার এ-সংক্রান্ত গেজেট প্রকাশের পরদিন নতুন নামে ইউনিটটির কার্যক্রম শুরু হলো।

এসআরবির বাহিনীপ্রধান আহসান হাবীব পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে গেজেট প্রকাশিত হয়েছে। র‌্যাবের নাম পরিবর্তন করে বুধবার থেকেই এসআরবি নামে সব কার্যক্রম শুরু করা হয়েছে।

নতুন নামের পরিবর্তন বাহিনীর সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র ও বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও দেখা গেছে। সেখানে ‘এসআরবি বাংলাদেশ’ নামের লোগো ব্যবহার করা হচ্ছে। তবে লোগোর নকশায় বড় কোনো পরিবর্তন আনা হয়নি।

এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের বিল পাস হয়। ১৫ সেপ্টেম্বর এ-সংক্রান্ত আইন গেজেটে প্রকাশিত হওয়ার মাধ্যমে নতুন কাঠামোটি কার্যকর হয়।

গেজেট অনুযায়ী, নতুন আইনের সঙ্গে র‌্যাব গঠন-সংক্রান্ত ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্সের সংশ্লিষ্ট বিধান রহিত করা হয়েছে। একই সঙ্গে র‌্যাবের সদস্যদের বিরুদ্ধে আগে নেওয়া বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা বা আদালতের কার্যক্রম বহাল রাখার বিধানও রাখা হয়েছে।

নতুন এসআরবি পুলিশের আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউনিটটির দায়িত্বের মধ্যে জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করার বিষয় রয়েছে।

র‌্যাব ২০০৪ সালের ২৬ মার্চ তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে গঠিত হয়। পরবর্তী সময়ে বাহিনীটির বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর র‌্যাব এবং বাহিনীর তৎকালীন ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

জুলাই গণঅভ্যুত্থানের পর র‌্যাবের কাঠামো পুনর্গঠনের দাবি ওঠে। ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটিও র‌্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

মন্তব্য করুন