প্রকাশিত: ৫৯ মিনিট আগে, ১১:২৬ এ এম
অনলাইন সংস্করণ
জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনা বাতিল করা হচ্ছে। এ প্রণোদনা প্রথমে মূল বেতনের ৫ শতাংশ এবং পরে ১০ শতাংশ করা হয়েছিল। নতুন বেতন কাঠামো কার্যকর হলে এ সুবিধা আর থাকবে না বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে যুগান্তর।
নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়ানো হলেও উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কমানো হচ্ছে। বর্তমানে সব গ্রেডে মূল বেতনের ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট থাকলেও নতুন কাঠামোয় গ্রেডভেদে ভিন্ন হার নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-৬ থেকে গ্রেড-২০ পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ রাখা হয়েছে। গ্রেড-৫-এ ৪ শতাংশ, গ্রেড-৪ ও ৩-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে।
সশস্ত্র বাহিনীতেও একই নীতি অনুসরণ করা হচ্ছে। ক্যাপ্টেন ও সমতুল্য এবং তার নিচের পদে ইনক্রিমেন্ট ৫ শতাংশ, মেজর পদে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পদে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদে ২ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এর নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।
নতুন পে-স্কেলে বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল ভাতাসহ বিভিন্ন সুবিধাতেও পরিবর্তন আনা হয়েছে। ঢাকার সিটি করপোরেশন এলাকায় বাড়ি ভাতার হার মূল বেতনের তুলনায় কমানো হলেও নতুন মূল বেতন বৃদ্ধির কারণে ভাতার টাকার অঙ্ক বাড়ার কথা রয়েছে।
চিকিৎসা ভাতাও বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। ৫০ বছর পর্যন্ত বয়সি চাকরিজীবীদের মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে। পেনশনভোগীদের ক্ষেত্রে ৬০ থেকে ৭০ বছর বয়সিদের ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সিদের ৬ হাজার টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া প্রথমবারের মতো সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য মোবাইল ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম থেকে পঞ্চম গ্রেডে মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডে ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।
নতুন কাঠামোয় যাতায়াত ভাতা ৩০০ থেকে ৬০০ টাকা, টিফিন ভাতা ২০০ থেকে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ থেকে ৩০০ টাকা করার প্রস্তাব রয়েছে। অন্যদিকে বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলি-২০২৬ অনুমোদন করা হয়।
নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। তবে মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, নতুন কাঠামো বাস্তবায়নে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য অতিরিক্ত ব্যয়ও বাড়বে। নতুন পে-স্কেলের বেতন, ভাতা ও পেনশনসহ অতিরিক্ত বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ধরা হয়েছে।
মন্তব্য করুন