প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৫২ এ এম
অনলাইন সংস্করণ
উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এর আগে কোলন ক্যানসার জয় করা সামিয়ার এবার জরায়ু ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসার অংশ হিসেবে তিনি কেমোথেরাপি নিচ্ছেন। এর মধ্যে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ন্যাড়া মাথার ছবি প্রকাশ করেছেন তিনি।
ছবিটি প্রকাশ করে সামিয়া লিখেছেন, “কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে—যখন আমার মাথাটা আবার পুরোপুরি বল্ড (টাক) হয়ে যাবে!” ছোটবেলায় এমন অভিজ্ঞতা হলেও তখন বিষয়টি নিয়ে ভাবার বয়স ছিল না বলেও জানান তিনি।
চুল হারানোর অভিজ্ঞতা তাকে ভেঙে দেয়নি বলে নিজের পোস্টে জানিয়েছেন সামিয়া। বরং পরিস্থিতিকে মেনে নেওয়ার শক্তির কথা তুলে ধরে তিনি লিখেছেন, “জীবনে কিছু কিছু বিষয় আমাদের পছন্দের নয়, কিন্তু মেনে নেওয়ার হয়। কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু গ্রহণ করতে হয়। আর আমি সেটাই করছি।”
নিজের পরিবর্তিত চেহারা মেনে নেওয়ার কথাও জানান তিনি। সামিয়ার ভাষায়, সৌন্দর্য শুধু আয়নায় দেখা চেহারার মধ্যে সীমাবদ্ধ নয়; নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারার মধ্যেও সৌন্দর্য রয়েছে।
তিনি লিখেছেন, “চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা।” নিজের নতুন রূপকে জীবনের একটি কঠিন সময়ের গল্প হিসেবে উল্লেখ করে তিনি এতে সাহস, গ্রহণ এবং নিজের প্রতি ভালোবাসার কথাও তুলে ধরেন।
নিজের নতুন রূপ প্রসঙ্গে সামিয়া আরও লিখেছেন, “অতএব, হ্যাঁ... এটাই আমি—ন্যাড়া মাথা, আর নিজের সত্তা নিয়ে কোনো রকম সংকোচ বা দ্বিধাহীন।” পাশাপাশি এই সময়ও কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
এর আগে গত ২৩ আগস্ট রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আবারও ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন সামিয়া। তখন কেমোথেরাপির প্রভাবে চুল পড়ে যেতে পারে—এমন আশঙ্কায় তিনি চুল ছোট করে ফেলেছিলেন এবং সেই ছবিও প্রকাশ করেছিলেন।
সেসময় নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন এই উপস্থাপিকা ও অভিনেত্রী।
মন্তব্য করুন