তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৩০ আগষ্ট, ২০২৬, ১১:১৪ এ এম

অনলাইন সংস্করণ

আপিল বিভাগের নতুন বিচারপতি মো. হাবিবুল গনির শপথ গ্রহণ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। আজ রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ এবং সুপ্রিম কোর্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৭ আগস্ট সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আজ তাঁর এই শপথ গ্রহণ সম্পন্ন হলো।

মন্তব্য করুন