প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) রেডিও'র আয়োজনে সাপ্তাহিক উদ্যোক্তা বাজারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক উদ্যোক্তা বাজারে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে গোবিপ্রবি প্রেসক্লাব।
আজ (২৭ আগস্ট) দুপুর আড়াইটার সময় হাদী চত্বরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা গাজী মোহাম্মদ মাহবুব ফিতা কাটার মধ্য দিয়ে সাপ্তাহিক উদ্যোক্তা বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সুপ্তি বালা, গোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সজিব সহ রেডিওর নেতৃবৃন্দ ও উদ্যোক্তারা। উদ্বোধন শেষে সকল দোকান পরিদর্শন করেন তারা।
সাপ্তাহিক উদ্যোক্তা বাজারের উদ্বোধনের পূর্বেই দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা শেষে পণ্য দেখতে ও কিনতে আসেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ১৫-২০টি উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে দোকান দিয়েছেন। সেখানে হাতের তৈরি বিভিন্ন পণ্য থেকে শুরু করে শখের গাছ, পুরাতন প্যান্ট থেকে স্টাইলিশ প্যান্ট, সুগন্ধি, রূপচর্চার পণ্য, ইলেকট্রনিক পণ্য সহ বিভিন্ন পণ্য দেখা যায়।
এই বাজারের উদ্যোগের মাধ্যমে নতুন সম্ভাবনা দেখছেন ক্রেতা ও উদ্যোক্তারা। স্বল্প থেকে বেশি বিভিন্ন পণ্য পেয়ে উচ্ছ্বসিত ক্রেতারা। এছাড়া পণ্য কেনার ক্ষেত্রে বিভিন্ন ফেইসবুক পেইজ না ঘুরে বাজারের মাধ্যমে সহজে হাতে পেয়েও খুশির কথা জানান তারা।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোক্তা সিফাত আমরিন জানান, আমি ২০২০ থেকেই গ্লো ট্রেজারি নামক পেইজে পণ্য বিক্রি শুরু করি। আমার কাছে হাতের তৈরি চুড়ি, আংটি, চায়না-কোরিয়ান পণ্য, ইন্ডিয়ান চকলেট, শন পাপড়ি, মেহেদী, এবং শ্রীমঙ্গলের চা পাতা সহ
মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। আর আমি খুব অল্প লাভ করে দেওয়ার চেষ্টা করি। ২০ টাকা থেকে শুরু আমার প্রোডাক্ট। অনেক রকমের প্রোডাক্ট তাই এক এক টা প্রোডাক্টের আসলে এক এক রকম দাম। আশা করি রেডিও'র এই উদ্যোগের মাধ্যমে আমার মত উদ্যোক্তারা উপকৃত হবে।
তিনি আরও জানান, অনলাইনের মাধ্যমে নিজের ফেইস ভ্যালু তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু এটার মাধ্যমে সময় কম লাগবে। প্রতিটি শিক্ষার্থীর জন্য এই উদ্যোগটা ভালো হয়েছে। তবে আরেকটু গোছানো আয়োজন হলে সকলের জন্য ভালো হবে।
এদিক সাপ্তাহিক বাজারের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মনির্ভরশীল হতে উৎসাহিত হবে বলে বিশ্বাস করেন আয়োজক গোবিপ্রবি রেডিও'র নেতৃবৃন্দ।
সংগঠনটির সভাপতি নাহিদা ইসলাম নদী বলেন, গোবিপ্রবি রেডিও কর্তৃক আয়োজিত উদ্যোক্তা বাজার বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি নতুন ও গর্বের অধ্যায়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, দক্ষতা ও উদ্যোক্তা-চেতনাকে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের এমন সৃজনশীল ও ইতিবাচক উদ্যোগে উৎসাহ ও সহযোগিতা করে এসেছে। আমরা আশাবাদী, ভবিষ্যতেও প্রশাসনকে আমাদের পাশে পাবো এবং সম্মিলিতভাবে শিক্ষার্থীদের জন্য আরও নতুন ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারবো।
ছাত্র উপদেষ্টা গাজী মোহাম্মদ মাহবুব উদ্বোধন পরবর্তী বক্তব্যে এমন আয়োজনকে প্রশংসা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার কথা জানান।
মন্তব্য করুন