প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। ফলে আগামী ১০ দিন রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সর্বত্র ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আধিক্য থাকতে পারে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। টানা বৃষ্টির কারণে দেশের দিন ও রাতের সার্বিক তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে বলে এতে উল্লেখ করা হয়।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পরবর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ শনিবার (২৯ আগস্ট) ও রবিবার (৩০ আগস্ট) দেশের আটটি বিভাগেই বৃষ্টিপাতের পরিধি আরও বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই দুই দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও সারা দেশে এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের এমন প্রবণতা বজায় থাকতে পারে।
মন্তব্য করুন