প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত চিকিৎসককে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব মেট্রোপলিটন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। সংঘবদ্ধ সন্ত্রাসী ও চাঁদাবাজদের সম্পূর্ণভাবে নির্মূল করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, চাঁদাবাজরা রাতারাতি কোটিপতি হওয়ার উদ্দেশ্যে দাগি আসামি ও গডফাদারদের নাম ব্যবহার করে অপরাধ চালায়। সরকার শুধু চাঁদাবাজদের নয়, তাদের সঙ্গে জড়িত কোনো পুলিশ সদস্য থাকলেও তাদের তালিকাভুক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিশেষ করে মেট্রো এলাকাগুলোতে এ বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
এর আগে তিনি ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে রাজধানীর শান্তিনগরে একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ডা. আসাদুর রহমান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য করুন