প্রকাশিত: ৫৮ মিনিট আগে, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ
বর্তমান সরকার মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী, তবে সেই স্বাধীনতার সঙ্গে সংবাদকর্মীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে পার্থ বলেন, সরকার সংবাদমাধ্যমের ওপর কোনো অযাচিত নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ করতে চায় না। তবে স্বাধীনতা ভোগের পাশাপাশি দায়িত্বজ্ঞানহীন আচরণ পরিহার করে দেশের স্বার্থ ও মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকতা চর্চা করতে হবে।
তিনি বলেন, বিগত বছরগুলোতে নানা প্রতিকূলতার মধ্যেও গণমাধ্যম জনগণের কথা তুলে ধরার চেষ্টা করেছে। নতুন সরকার সেই ধারাকে আরও ইতিবাচকভাবে এগিয়ে নিতে চায়।
মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব সম্পর্কে তিনি জানান, আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার পর গণমাধ্যমবান্ধব পরিবেশ বজায় রেখে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
দায়িত্ব পালনে চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নের জবাবে পার্থ বলেন, প্রধানমন্ত্রী সময় ও পরিস্থিতি বিবেচনায় দায়িত্ব দিয়েছেন। দীর্ঘদিন মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকায় সবার সহযোগিতায় ভালো কাজ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
টেলিভিশনের টক-শোতে তার নিয়মিত উপস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এখন হয়তো আগের মতো ঘন ঘন কথা বলার সুযোগ হবে না, তবে গণমাধ্যমের সঙ্গেই যুক্ত থাকবেন এবং দায়িত্বশীল অবস্থান থেকে মতামত দেবেন।
সরকারি দায়িত্ব পালনে আমলাতান্ত্রিক জটিলতা ও জনগণ থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা প্রসঙ্গে পার্থ বলেন, জনগণই ক্ষমতার উৎস। রাজনীতিবিদদের সফলতা তখনই আসে, যখন তারা রাষ্ট্র পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ভারসাম্য বজায় রাখতে পারেন।
তিনি আরও বলেন, মুক্ত গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। তাই স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করাই হবে সরকারের লক্ষ্য।
মন্তব্য করুন