অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:১৬ পিএম

অনলাইন সংস্করণ

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে যুক্ত হতে চায় ঢাকা

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে নিয়ে গঠিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। জাতীয় স্বার্থ ও পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক-বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় এই জোটে যুক্ত হওয়ার বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব পোষণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সম্প্রতি দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৭ আগস্ট মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী, মিত্র দেশগুলোর যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি সব দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে।

হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে সরকার। এ নীতির অংশ হিসেবেই নতুন জোটে যোগদানের বিষয়টি বিবেচনায় রয়েছে।

তিনি আরও জানান, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে। পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ও জনসম্পৃক্ততা জোরদারের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

চুক্তি স্বাক্ষরের সময় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উপস্থিত ছিলেন। এ চুক্তির মাধ্যমে তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, এই চুক্তি ন্যাটোর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার মতো হলেও এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। বরং সদস্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।

এদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেছেন, চুক্তির মূল নীতিগুলো মেনে চলতে প্রস্তুত এমন সব দেশের জন্য এই জোট উন্মুক্ত। তিনি এটিকে প্রতিরক্ষামূলক কাঠামো হিসেবে উল্লেখ করে বলেন, এটি বিদ্যমান কোনো দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তির বিকল্প নয়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ ধরনের জোটে বাংলাদেশের আগ্রহ আঞ্চলিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

মন্তব্য করুন