প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ওই বাসার বাসিন্দা এমএ সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং তাঁদের গৃহপরিচারিকা তাহমিনা (১৫)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য জানা যাবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনজনের মরদেহ উদ্ধারের খবর পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্তের পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসাটির বাসিন্দা হাজী আব্দুস সাত্তার মিয়া। তিনি এলাকায় একজন মুরুব্বি হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করবে বলে জানিয়েছে।
মন্তব্য করুন