নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৩২ পিএম

অনলাইন সংস্করণ

মিথ্যা তথ্য দিয়ে ফটো কার্ড প্রচারের প্রতিবাদে মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য সংবলিত পোস্টার ও ফটোকার্ড  তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন যাত্রাবাড়ী থানা মহিলা দলের নেত্রী শারমিন আক্তার রিতা। একই সঙ্গে তিনি এই ষড়যন্ত্রকারী চক্রের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। শারমিন আক্তার জাতীয়তাবাদী মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং ঢাকা-৫ আসনের মাতুয়াইলের স্থায়ী বাসিন্দা। সংবাদ সম্মেলনে রিতা জানান, ২০২৬ সালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তিনি মনোনয়ন প্রত্যাশী হিসেবে সাক্ষাৎকার দেন। দল থেকে তখন তাকে ভবিষ্যতে মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়। এরই মাঝে তাকে যাত্রাবাড়ীর ড. আব্দুল লতিফ ভূঁইয়া কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে তিনি স্থানীয় সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচারে নামে।

তিনি আরও জানান, চক্রটি তার ঈদের শুভেচ্ছাবার্তার পোস্টার থেকে ছবি নিয়ে কাল্পনিক ও মিথ্যা তথ্য যোগ করে একটি ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি জানার পর তিনি যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়ের করেন, যা বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগে তদন্তাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির এই নেত্রী মিথ্যা ফটোপোস্টারের বিষয়টি দলের জ্যেষ্ঠ নেতাদের অবহিত করে তাদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য করুন