প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১১:০৭ এ এম
অনলাইন সংস্করণ
রাজনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চীনের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানী বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এই দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দুই দলের রাজনৈতিক ইতিহাসে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর, যা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং সমঝোতা স্মারকে সই করেন। ঐতিহাসিক এই কূটনৈতিক মুহূর্তে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল, যার মধ্যে ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও এই অনুষ্ঠানে অংশ নেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন এবং তাঁর সফরসঙ্গী হিসেবে আছেন সহধর্মিণী জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরের মধ্যেই দুই শীর্ষ রাজনৈতিক দলের মধ্যে এই সমঝোতা স্মারক সই হলো।
মন্তব্য করুন