তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৫:১৮ পিএম

অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জাপানের সহযোগিতা নেবে বাংলাদেশ, জাইকা প্রতিনিধি দলের সাথে প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, দক্ষতা-ভিত্তিক ও শিশু-বান্ধব হিসেবে গড়ে তুলতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই তথ্য জানান। বৈঠকে নতুন শিক্ষাক্রম প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণ, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের মূল্যায়ন ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রাথমিক শিক্ষার নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজ চলছে, যেখানে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে নাগরিক শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, গণিত ও বিজ্ঞানের মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও নৈতিকতা তৈরিতে জাপানের নাগরিক শিক্ষার সফল অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে। বিজ্ঞানাগারের মতো গণিত শিক্ষাকে আকর্ষণীয় ও প্রযুক্তিনির্ভর করতে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে 'ম্যাথ ল্যাব' বা গণিত পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের, যেখানে জাইকা পরামর্শ ও প্রশিক্ষণ দেবে। এছাড়া, শিক্ষা প্রশাসনের কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ থাইল্যান্ড ও তুরস্কের প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করছে। জাইকার প্রতিনিধি দল বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে কারিকুলাম ও শিশু-বান্ধব পরিবেশ তৈরিতে চলমান সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং জাইকার ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন