প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ
ভারতীয় সংগীত ইতিহাসের অন্যতম সেরা ও প্রভাবশালী কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিককে দেশটির অন্যতম সম্মানজনক রাষ্ট্রীয় নাগরিক পুরস্কার ‘পদ্মভূষণ’-এ ভূষিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক জমকালো বিশেষ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রবীণ এই শিল্পীর হাতে মর্যাদাপূর্ণ এই সম্মাননা তুলে দেন। দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অবিস্মরণীয় অবদানের এক অনন্য স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেলেন তিনি।
পুরস্কার গ্রহণের পরপরই অলকা ইয়াগনিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা শেয়ার করেছেন। সেখানে রাষ্ট্রীয় এই সম্মাননা প্রাপ্তিতে গভীর কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভক্তদের জানিয়েছেন নিজের বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত। গত দুই বছর ধরে স্পটলাইট এবং জনসমক্ষ থেকে দূরে থাকার কারণ স্পষ্ট করে তিনি লিখেছেন, “আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমি একটি কঠিন স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। তবে এই পুরো সময়টাতে আপনাদের ভালোবাসা, প্রার্থনা, বার্তা এবং অবিচল সমর্থন প্রতিটা পদক্ষেপে আমার পাশে ছিল।”
অলকা ইয়াগনিকের এই প্রাপ্তিতে বিনোদন জগৎ ও তাঁর সহকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ইনস্টাগ্রামের সেই পোস্টে অসংখ্য কালজয়ী গানের সহশিল্পী ও প্লেব্যাক সঙ্গী কুমার শানু লিখেছেন, “খুবই যোগ্য সম্মান অলকা! ঈশ্বর তোমার মঙ্গল করুন।”
আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শান তাঁর মন্তব্যে লিখেছেন, “সবচেয়ে যোগ্য সম্মান, অলকা জি!!! আপনি আমাদের অহংকার এবং আনন্দ!!! আপনার সুস্বাস্থ্য ও সুস্থতা ফিরে পাওয়া এবং আবারও আমাদের আপনার কণ্ঠ দিয়ে মুগ্ধ করার আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার চেয়ে বড় আনন্দের আর কিছুই আমাদের (ভক্তদের) জন্য হতে পারে না।” এছাড়া ইলা অরুণ, আকৃতি কাক্কার, সুদেশ ভোসলেসহ তরুণ প্রজন্মের অভিনেত্রী ভূমি পেড়নেকর, বীর পাহাড়িয়া ও গায়িকা অদিতি সিং শর্মা এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অলকা ইয়াগনিকের শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন তাঁর কোটি অনুরাগী। ২০২৪ সালের জুন মাসে একটি আকস্মিক বার্তা দিয়ে তিনি জানিয়েছিলেন যে, তিনি ‘সেন্সরিনিউরাল হেয়ারিং লস’ বা একটি বিরল শ্রবণ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। বিমান থেকে নামার পরপরই তিনি হঠাৎ করে সম্পূর্ণ শ্রবণশক্তি হারিয়ে ফেলেন, যা পুরো সংগীত বিশ্বকে স্তব্ধ ও চিন্তিত করে তুলেছিল। সেই কঠিন সময় থেকেই তিনি নিজেকে আড়ালে রেখে চিকিৎসাধীন রয়েছেন।
নব্বইয়ের দশকের মেলোডি কুইন খ্যাত অলকা ইয়াগনিক কেবল ভারতেই নন, বিশ্বসংগীতে নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন। ইউটিউবে সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক স্ট্রিম হওয়া সংগীতশিল্পী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম রয়েছে—যেখানে ২০২০ সালে ১৬.৬ বিলিয়ন এবং ২০২১ সালে ১৭ বিলিয়ন বার তাঁর গান শোনা হয়েছে।
দীর্ঘ চার দশকের কর্মজীবনে তিনি ২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২টি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার এবং সেরা নারী প্লেব্যাক সিঙ্গার হিসেবে রেকর্ডসংখ্যক ৭টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন। তাঁর গাওয়া ‘এক দো তিন’, ‘চুরা কে দিল মেরা’, ‘টিপ টিপ বারসা পানি’, ‘দিল নে ইয়ে কাহা হ্যায় দিল সে’ এবং ‘তাল সে তাল মিলা’-র মতো অসংখ্য কালজয়ী গান আজও শ্রোতাদের হৃদয়ে অম্লান হয়ে আছে।
মন্তব্য করুন