আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:১১ এ এম

অনলাইন সংস্করণ

চুক্তি স্বাক্ষরের আগেই ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের দাবি

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই দেশটির বন্দর ও জাহাজের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইরানের এক ঊর্ধ্বতন কূটনীতিক।

মঙ্গলবার (১৬ জুন) ইরান সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বক্তব্যে উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি জানান, অবরোধ প্রত্যাহার ছিল তেহরানের অন্যতম প্রধান দাবি এবং তা ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি বলেন, “অবরোধ প্রত্যাহারের বিষয়টি আমরা শুরু থেকেই জোর দিয়েছি। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগেই এটি তুলে নেওয়া হয়েছে।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন। তবে বহুজাতিক নৌ নিরাপত্তা সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি) সোমবার জানিয়েছিল, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত অবরোধ শুক্রবার পর্যন্ত বহাল থাকার কথা।

এদিকে ট্রাম্প আরও দাবি করেছেন, ইরানের সঙ্গে সংঘাত নিরসনে একটি সমঝোতা স্মারক ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং এর আনুষ্ঠানিকতা আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে ইরান মার্কিন স্বার্থ ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে ইরানের বন্দর ও বাণিজ্যিক জাহাজের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক সমঝোতা আলোচনার প্রেক্ষাপটে এই অবরোধ প্রত্যাহারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন