প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সতর্ক করেছেন—যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না নিলে দেশটির ওপর আরও বড় ধরনের হামলা চালানো হবে।
এই হুঁশিয়ারির মধ্যেই ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্র এসব অভিযানকে ‘আত্মরক্ষামূলক অতিরিক্ত পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে।
ট্রাম্প দাবি করেছেন, সর্বশেষ হামলায় ইরানের ওপর ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, আগের সন্ধ্যায় ইরানের শীর্ষ নেতারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে বোমা হামলা বন্ধের অনুরোধ জানিয়েছিলেন।
তবে এ দাবি দ্রুতই প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইরানি কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন—এমন তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি যুদ্ধের দায় এড়ানোর একটি অজুহাত।
এদিকে উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি নিয়েও নতুন করে হুমকি দিয়েছে ইরান। আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার মজিড় মৌসাভি সতর্ক করে বলেছেন, প্রণালির নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে পুরো অঞ্চলে কঠোর জবাব দেওয়া হবে।
তিনি বলেন, হরমুজ প্রণালিকে অনিরাপদ করার চেষ্টা করা হলে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে এবং ইরান তার জবাব দিতে প্রস্তুত।
পরিস্থিতির মধ্যেই আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। তাদের মতে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে তেলবাহী ট্যাংকারসহ সব বাণিজ্যিক নৌযান চলাচল স্থগিত করা হয়েছে।
তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ দাবি অস্বীকার করে জানিয়েছে, চলমান উত্তেজনা সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন