প্রকাশিত: ৮ জুন, ২০২৬, ১০:১২ এ এম
অনলাইন সংস্করণ
পাকিস্তানি বিনোদন জগতের তুমুল জনপ্রিয় দুই তারকা সাজাল আলি ও হামজা সোহেলের বিয়ে এবং প্রেমের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনাকল্পনার অন্ত নেই। গত কয়েক সপ্তাহ ধরে তাদের বিয়ের খবর নিয়ে আলোচনা চললেও, হঠাৎ করেই সম্পর্কে ফাটল এবং বিয়ে বাতিলের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, এই তারকা জুটির সম্পর্ক এখনো যথেষ্ট মজবুত এবং তারা বিয়ের দিকেই এগোচ্ছেন।
সম্প্রতি পাকিস্তানের বিনোদন জগতের বিশ্বস্ত অভ্যন্তরীণ সূত্র হিসেবে পরিচিত ইজাজ ওয়ারিস সাজাল ও হামজার ব্রেকআপ বা বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন। তাঁর দেওয়া তথ্যমতে, এই জুটির সম্পর্ক চমৎকারভাবে এগিয়ে চলেছে এবং তাদের বিয়ের পরিকল্পনা একদম সঠিক পথেই (ট্র্যাকে) রয়েছে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে, খুব শিগগিরই হয়তো ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে এই দুই তারকার পক্ষ থেকে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
জনপ্রিয় পাকিস্তানি নাটক ‘জার্দ পাতো কা বুন’ এবং ‘দিল ওয়ালী গলি মে’-তে একসঙ্গে কাজ করার পর থেকেই সাজাল ও হামজা দর্শকমহলে ব্যাপক ভালোবাসা ও জনপ্রিয়তা লাভ করেন। পর্দায় তাদের চমৎকার রসায়ন ও সাবলীল অভিনয়ই মূলত বাস্তব জীবনে তাদের প্রেমের গুঞ্জনকে উসকে দেয়। দর্শক এই জুটিকে এতটাই ভালোবেসেছে যে, তাদের পর্দার প্রেম বাস্তবেও পূর্ণতা পাক—এমনটাই প্রত্যাশা সবার।
সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো আলোচনা ও গুঞ্জন ভেসে বেড়ালেও, সাজাল আলি বা হামজা সোহেল—কেউই এখন পর্যন্ত নিজেদের সম্পর্ক বা বিয়ে নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। অত্যন্ত সচেতনভাবে তারা নিজেদের পেশাদারিত্ব বজায় রেখেছেন এবং ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছেন।
তবে আপাতত ভক্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, বহুল চর্চিত এই বিয়েটি সম্পন্ন হওয়ার সম্ভাবনা এখনো প্রবল। এখন কেবল প্রিয় তারকা জুটির কাছ থেকে চূড়ান্ত ও আনুষ্ঠানিক সুখবরের প্রহর গুনছেন অনুরাগীরা।
মন্তব্য করুন