তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০৬:১১ পিএম

অনলাইন সংস্করণ

‘ক্ষমতা দেখাবেন না, মানুষের মন জয় করুন’: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ক্ষমতায় এসেছি বলে কেউ যেন ক্ষমতা দেখাতে না যায়। এটা করলে মানুষের ভালোবাসা হারাবেন।’ বুধবার ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তৃণমূলের উদ্দেশে এই কঠোর বার্তা দেন। ঠাকুরগাঁও সফরের সময় আঞ্চলিক ভাষায় নেতাকর্মীদের আরও কাছের করে সতর্ক করে দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘মুই যদি জাহানে (এখানে) চুরি-চামারি শুরু করু, মানুষকে ধমকাও; তাহলে আর যাওয়া যাবে? গ্রামের মানুষ পছন্দ করবে না তাই।’ এই প্রসঙ্গে তিনি রাজনীতির মূলমন্ত্রটিও স্মরণ করিয়ে দেন, ‘রাজনীতির মূল কথাটি কী? উইন ওভার! আমি জনগণের ভালোবাসা পাবো, জনগণের কাছে ভালোবাসা নিব—আপনাদের এটাই করতে হবে।’ ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে তিন মন্ত্রীসহ দলের শীর্ষ নেতাদের গণসংবর্ধনায় লাখো মানুষের ঢল নামে। সেখানে জনতার ভালোবাসায় সিক্ত হন মির্জা ফখরুলসহ উপস্থিত অতিথিরা। রাজনৈতিক বিশ্লেষকেরা এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। তাদের মতে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যখন ক্ষমতার অপব্যবহার রোধে শক্ত অবস্থান নেওয়া হচ্ছে, তখন দলের দ্বিতীয় শীর্ষ নেতার আঞ্চলিক ভাষায় দেওয়া এই ‘আন্তরিক হুঁশিয়ারি’ সারাদেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ও দায়িত্বশীল রাজনীতির বার্তা দেবে।

মন্তব্য করুন