প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭ জন শিশু। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এতে বলা হয়, গতকাল নতুন করে ল্যাব পরীক্ষায় ৯১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে এবং ৯৮৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে। এছাড়া এই এক দিনে ৮৯০ জন শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং সমসংখ্যক শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৪৩ জন শিশু মারা গেছে। এর মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের, আর উপসর্গজনিত কারণে প্রাণ হারিয়েছে ৮৪৪টি শিশু।
একই সময়ে দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে, যার মধ্যে ১৮ হাজার ৫৭৮ জনের শরীরে রোগের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়, যাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছে।
মন্তব্য করুন